আমেরিকার বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চিনের
বেইজিং, ১৩ জুন (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠকে হওয়া সমঝোতাকে আমেরিকা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তুলল বেইজিং। চিনের বাণিজ্য মন্ত্রকের দাবি, দুই দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার প
আমেরিকার বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চিনের


বেইজিং, ১৩ জুন (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠকে হওয়া সমঝোতাকে আমেরিকা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তুলল বেইজিং। চিনের বাণিজ্য মন্ত্রকের দাবি, দুই দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার পরেও মার্কিন প্রশাসন কোনও যৌক্তিক কারণ ছাড়াই চিনা সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করে চলেছে।

শনিবার এক বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রক জানায়, বেইজিং বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছিল, তার পাশাপাশি চিন–আমেরিকার সামগ্রিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের বাস্তব পরিস্থিতিকেও ওয়াশিংটন উপেক্ষা করছে। এর পরিবর্তে ধারাবাহিকভাবে চিনা কোম্পানিগুলিকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার পেন্টাগন ১৮০-রও বেশি সংস্থাকে এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা করে, যাদের সঙ্গে চিনের সামরিক-শিল্প কাঠামোর যোগ রয়েছে বলে আমেরিকার দাবি।

চিনের বাণিজ্য মন্ত্রক এই পদক্ষেপের বিরুদ্ধে ‘তীব্র অসন্তোষ’ ও ‘কড়া প্রতিবাদ’ জানিয়ে আমেরিকাকে অবিলম্বে এই নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ওয়াশিংটন যদি এই অবস্থান পরিবর্তন না করে, তবে চিন ‘দৃঢ় ও কার্যকর পাল্টা ব্যবস্থা’ নিতে বাধ্য হবে এবং তার সম্পূর্ণ দায় আমেরিকাকেই বহন করতে হবে।

প্রসঙ্গত, গত ১৩ থেকে ১৫ মে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রীয় সফরে চিন গিয়েছিলেন। সেই সফরে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয় এবং দুই নেতার উপস্থিতিতে একাধিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই বৈঠকের ইতিবাচক বার্তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না বলেই এবার প্রকাশ্যে অভিযোগ তুলল বেইজিং।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande