চিনা সংস্থার উপর মার্কিন চাপ, ক্ষুব্ধ বেইজিং
বেইজিং, ১৩ জুন (হি.স.) : সাম্প্রতিক শি জিনপিং–ডোনাল্ড ট্রাম্প বৈঠকে হওয়া সমঝোতার পরেও মার্কিন প্রশাসন চিনা সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তুলল বেইজিং। শনিবার চিনের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে হ
চিনা সংস্থার উপর মার্কিন চাপ, ক্ষুব্ধ বেইজিং


বেইজিং, ১৩ জুন (হি.স.) : সাম্প্রতিক শি জিনপিং–ডোনাল্ড ট্রাম্প বৈঠকে হওয়া সমঝোতার পরেও মার্কিন প্রশাসন চিনা সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তুলল বেইজিং। শনিবার চিনের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে হওয়া ঐকমত্যকে কার্যত উপেক্ষা করছে ওয়াশিংটন।

চিনের বক্তব্য, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বৃহত্তর স্বার্থের কথা না ভেবেই একের পর এক চিনা সংস্থাকে নিশানা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রকের দাবি, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই চিনা কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানোর পথে হাঁটছে আমেরিকা।

উল্লেখ্য, গত সোমবার পেন্টাগন ১৮০-রও বেশি সংস্থাকে এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের সঙ্গে চিনের সামরিক-শিল্প কাঠামোর যোগ রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বেইজিং জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং আমেরিকাকে এই ‘ভুল পদক্ষেপ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

চিন সতর্ক করে দিয়েছে, এই নীতি অব্যাহত থাকলে তারা প্রয়োজনীয় ও কার্যকর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। তার সমস্ত দায়ভার আমেরিকাকেই বহন করতে হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৫ মে চিন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়। দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে একাধিক সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। সেই আবহেই নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত মিলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande