বিতর্কের মুখে গাইবান্ধার পলাশবাড়িতে সাময়িকভাবে স্থগিত রামমূর্তি নিৰ্মাণকাজ
।। রাজীব দে ।। রংপুর (বাংলাদেশ), ১২ জুন (হি.স.) : বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বিশাল রামমূর্তি প্রকল্পের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। প্রকল্পটিকে কেন্দ্র করে চলমান বিতর্ক, বিভ
পলাশবাড়িতে নিৰ্মীয়মাণ রামের মূর্তি


।। রাজীব দে ।।

রংপুর (বাংলাদেশ), ১২ জুন (হি.স.) : বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বিশাল রামমূর্তি প্রকল্পের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। প্রকল্পটিকে কেন্দ্র করে চলমান বিতর্ক, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ এবং সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্দির কমপ্লেক্সে রামের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক সংগঠন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। পাশাপাশি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন, প্রয়োজনীয় অনুমোদন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আপাতত নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্পটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, পলাশবাড়ির ওই মন্দির কমপ্লেক্সে এর আগেই বৃহৎ আকারের শিব ও কৃষ্ণের মূর্তি নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে সেখানে আরও একটি বৃহৎ রামের মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande