
কলকাতা, ১৮ জুন (হি. স.) : বেঙ্গল টি-২০ লিগের খেলায় আজ লিগ পর্বের শেষ দিনে বৃহস্পতিবার জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করল শ্রাচী রাঢ় টাইগার্স। ইডেন গার্ডেন্সে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েই সেমিফাইনালে উঠল তারা। সেইসঙ্গে নির্ধারিত হয়ে গেল শেষ চারের লড়াইও। আগামী শনিবার প্রথম সেমিফাইনালে নোভাস রয়্যালস পুরুলিয়ার মুখোমুখি হবে রাঢ়। দ্বিতীয় সেমিফাইনালে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স খেলবে সোবিসকো স্ম্যাশার্স মালদহের বিরুদ্ধে।
এদিকে, এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাঢ়। ব্যাট করতে নেমেই ৫ উইকেটে ১৬৫ রান তোলে কলকাতা রয়্যাল টাইগার্স। দলের ভরসা ছিলেন অভিষেক পোড়েল। ৫৩ বলে অপরাজিত - ৯৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি মারেন ৭টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। সৌরভ হালদার যোগ করে - ২২ রান। রাঢ়ের হয়ে সুখমীত সিং, দীপাঞ্জন মুখোপাধ্যায়, রাহুল প্রসাদ এবং শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেয়।
এর জবাবে বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাঢ়। ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচের নায়ক শাহবাজ আহমেদ। ৪৫ বলে অপরাজিত ৭৮ রান। যার মধ্যে ৪টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি রয়েছে ঝুলিতে। সুমন্ত গুপ্তের ৪০ বলে - ৬০ রানের ইনিংসও এদিন জয়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত