
কলকাতা, ১৮ জুন (হি.স.): ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে দেশটির সামারিতানো বারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য,পারেইরার শরীরে ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত পারেইরা ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সেলেসাওদের চতুর্থ শিরোপা জয়ে নেতৃত্ব দেন। পরে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপা জেতে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে তিনি মোট ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্রাজিল ১২৪টি ম্যাচে জয় পায়, ৩৯টি ম্যাচ ড্র করে এবং মাত্র ১৪টি ম্যাচে পরাজিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি