
নয়া দিল্লি , ২ জুন (হি.স.): মঙ্গলবার ভারতের প্রাক্তন স্পিনার সাইরাজ বাহুতুলে আফগানিস্তান টেস্টের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।
বাহুতুলে, যিনি ১৯৯৭ থেকে ২০০৩ সালের মধ্যে দুটি টেস্ট এবং আটটি ওডিআই খেলেছেন। ১৮৮টি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ৬৩০টি উইকেট নিয়েছেন এবং লিস্ট 'এ' ক্রিকেটে শিকার করেছেন ১৯৭টি উইকেট। ব্যাট হাতেও তাঁর রেকর্ড ছিল দারুণ। প্রথম-শ্রেণির ক্রিকেটে তাঁর গড় ছিল ৩১.৮৩ এবং তিনি ৬০০০-এর বেশি রান করেছেন।
“এক বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের পর, শ্রী বাহুতুলে ভারতীয় ক্রিকেটের কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কোচিং যাত্রা ঘরোয়া, প্রাথমিক এবং আন্তর্জাতিক ক্রিকেট জুড়ে বিস্তৃত, যার মধ্যে বিদর্ভ, কেরলম , গুজরাট এবং বাংলার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনও করেছেন। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের স্পিন-বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন, ” বিসিসিআই-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৫৩ বছর বয়সী বাহুতুলে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআই-এর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (বর্তমানে সেন্টার অফ এক্সিলেন্স) কোচিং সেটআপের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি