
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): নিম্নতম স্তর থেকে ভ্যালু বায়িং, আইটি সেক্টরের জোরালো উত্থান এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার জেরে প্রাথমিক মন্দা কাটিয়ে মঙ্গলবার দুর্দান্ত সাফল্যের সঙ্গে লেনদেন শেষ করল দেশীয় শেয়ার বাজার। এদিন অবশ্য লেনদেনের শুরুটা হয়েছিল পতনের মধ্য দিয়ে। তবে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ক্রেতারা শেয়ার কেনার ওপর জোর দিলে সেনসেক্স এবং নিফটি— উভয় সূচকের গতিতেই উন্নতি দেখা যায়।
বিশেষ করে, দুপুর ১২টার পর ক্রেতারা চারদিক থেকে শেয়ার কিনতে শুরু করায় দুই সূচকের গতি আরও বৃদ্ধি পায়। সেনসেক্স দিনের সর্বনিম্ন স্তর থেকে ১,০৪৫ পয়েন্টের বেশি লাফিয়ে ওঠে। একইভাবে নিফটিও দিনের সর্বনিম্ন স্তর থেকে ৩২৫ পয়েন্টের বেশি চাঙ্গায় সফল হয়। দিনভর লেনদেনের শেষে সেনসেক্স ০.৫২ শতাংশ এবং নিফটি ০.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে।
মঙ্গলবার সারাদিনের লেনদেনে আইটি, রিয়েলটি এবং কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ারের ব্যাপক কেনাবেচা হয়েছে। একইভাবে ব্যাঙ্কিং, অটোমোবাইল, ক্যাপিটাল গুডস, এফএমসিজি এবং মেটাল ইনডেক্সও বৃদ্ধির মুখ দেখে সবুজ সঙ্কেতে বন্ধ হয়েছে। অন্যদিকে, অয়েল অ্যান্ড গ্যাস, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং হেলথকেয়ার সেক্টরের শেয়ারে এদিন বিক্রির চাপ বজায় ছিল। ব্রডার মার্কেটেও আজ কেনাকাটা চলায় নিফটি মিডক্যাপ ইনডেক্স ০.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্মলক্যাপ ইনডেক্স ০.৪০ শতাংশের গতি নিয়ে আজকের লেনদেন শেষ করেছে।
শেয়ার বাজারের এই উত্থানের ফলে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ সোয়া তিন লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। বিএসই -তে নথিভুক্ত সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন আজকের লেনদেনের পর বৃদ্ধি পেয়ে ৪৬৩.০১ লক্ষ কোটি টাকা (অস্থায়ী)-য় দাঁড়িয়েছে। যেখানে গত কর্মদিবসে অর্থাৎ সোমবার এর পরিমাণ ছিল ৪৫৯.৭২ লক্ষ কোটি টাকা। ফলত, আজকের বাজার থেকে বিনিয়োগকারীদের প্রায় ৩.২৯ লক্ষ কোটি টাকার মুনাফা হয়েছে।
আজ দিনভর বিএসইতে ৪,৩৭৭টি শেয়ারের সক্রিয় ট্রেডিং হয়েছে। এর মধ্যে ২,৩০১টি শেয়ার লাভের মুখ দেখেছে, ১,৯০৪টি শেয়ারের দর কমেছে এবং ১৭২টি শেয়ারের মূল্যে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, এনএসইতে এদিন ২,৯৭৩টি শেয়ারের সক্রিয় লেনদেন হয়েছে, যার মধ্যে ১,৭৯৭টি শেয়ার মুনাফা সহ সবুজ সঙ্কেতে এবং ১,১৭৬টি শেয়ার লোকসান নিয়ে লাল সঙ্কেতে বন্ধ হয়েছে। একইভাবে সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের মধ্যে ২০টি শেয়ারের দর বেড়েছে এবং ১০টির কমেছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ৩১টি সবুজ সঙ্কেতে এবং ১৯টি লাল সঙ্কেতে বন্ধ হয়েছে।
বিএসই-র সেনসেক্স এদিন ৩২২.১৪ পয়েন্ট কমে ৭৩,৯৪৫.২০ পয়েন্টের স্তরে খোলে। লেনদেন শুরু হতেই বিক্রির চাপ বাড়ায় কিছুক্ষণের মধ্যেই এই সূচক ৪৫২.২২ পয়েন্ট হ্রাস পেয়ে ৭৩,৮১৫.১২ পয়েন্টে নেমে যায়। এরপর ক্রেতারা শেয়ার কেনা শুরু করলে সূচকের পরিস্থিতি শুধরাতে থাকে।
দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই ক্রেতারা আগ্রাসী মেজাজে শেয়ার কিনতে শুরু করেন, যার ফলে এই সূচক দিনের সর্বনিম্ন স্তর থেকে ১,০৪৭.৪৭ পয়েন্ট লাফিয়ে ৫৯৪.৮৫ পয়েন্টের বৃদ্ধিতে ৭৪,৮৬২.১৯ পয়েন্টে পৌঁছে যায়। তবে শেষের দিকে মুনাফা তোলার চক্করে বিক্রির কারণে সেনসেক্স দিনের সর্বোচ্চ স্তর থেকে ২১২.৩৫ পয়েন্ট পিছলে গিয়ে অবশেষে ৩৮২.৫০ পয়েন্টের উত্থান সহ ৭৪,৬৪৯.৮৪ পয়েন্টে বন্ধ হয়।
সেনসেক্সের মতোই এনএসই-র নিফটিও এদিন ১৫৩.৪৫ পয়েন্ট ভেঙে ২৩,২২৯.১৫ পয়েন্টের স্তরে লেনদেন শুরু করে। তবে বাজার খুলতেই এই সূচক ক্রেতাদের সমর্থন পায়। দুপুর ১২টার পর বাজারে সর্বাত্মক কেনাকাটা শুরু হওয়ায় নিফটি লাল সঙ্কেত কাটিয়ে সবুজ সঙ্কেতে পৌঁছাতে সফল হয়। লাগাতার কেনাকাটার সমর্থনে এই সূচক দিনের সর্বনিম্ন স্তর থেকে ৩২৭.৮০ পয়েন্ট লাফিয়ে ১৭৪.৩৫ পয়েন্টের বৃদ্ধিতে ২৩,৫৫৬.৯৫ পয়েন্টে পৌঁছায়। যদিও শেষ মুহূর্তে ইন্ট্রা-ডে সেটেলমেন্টের কারণে হওয়া বিক্রির চাপে নিফটি দিনের সর্বোচ্চ স্তর থেকে ৭৩.৪০ পয়েন্ট নেমে ১০০.৯৫ পয়েন্টের মজবুতিতে ২৩,৪৮৩.৫৫ পয়েন্টের স্তরে বন্ধ হয়েছে।
আজকের সেরা ৫টি লাভবান শেয়ারের তালিকায় জায়গা করে নিয়েছে টিসিএস (৬.৫১%), ইনফোসিস (৫.৬৮%), এইচসিএল টেকনোলজি (৪.০৫%), আদানি এন্টারপ্রাইজেস (২.০২%) এবং টেক মহিন্দ্রা (১.৮৩%)। অন্যদিকে, শীর্ষ ৫টি লোকসানকারী শেয়ারের তালিকায় রয়েছে এনটিপিসি (২.৯৮%), অ্যাক্সিস ব্যাঙ্ক (১.৯৪%), পাওয়ার গ্রিড কর্পোরেশন (১.৪০%), ডঃ রেড্ডিস ল্যাবরেটরিজ (১.২৭%) এবং এইচডিএফসি লাইফ (১.১৩%)।
হিন্দুস্থান সমাচার / সোনালি