
কলকাতা, ২০ জুন (হি. স.) : জামাই ষষ্ঠী মানেই শাশুড়ির বাড়িতে জামাইয়ের আপ্যায়ন। তবে দক্ষিণ কলকাতার যাদবপুরে শনিবার দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। পল্লীশ্রী মোড় সংলগ্ন বারো ভূতের মেলার মাঠের কাছে আয়োজিত হল এক অন্যরকম জামাই ষষ্ঠী। সেখানে এক বা দু’জন নয়, শতাধিক ‘কনে’ তাঁদের জামাইদের নিয়ে হাজির হলেন ‘বাপের বাড়ি’-তে। অনেকের সঙ্গেই ছিল তাঁদের সন্তানরাও।
আয়োজকদের দাবি, উপস্থিত সকল নারীই বিভিন্ন সময়ে ধর্মান্তরিত হয়েছেন। পারিবারিক টানাপড়েন ও নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়ার পর তাঁরা নতুন পরিচয় গ্রহণ করেছেন। তবে বছরের এই একটি দিনে তাঁরা একত্রিত হয়ে বাংলার চিরাচরিত জামাই ষষ্ঠীর আচার-অনুষ্ঠানে অংশ নেন। হিন্দু রীতি মেনে জামাইদের কপালে ফোঁটা দেওয়া, হলুদ মাখানো পবিত্র সুতো বাঁধা, উপহার ও ভোজের আয়োজন করা হয়। শাশুড়িরা জামাই ও মেয়ের সুখ-সমৃদ্ধি এবং সংসারের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেন।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন পশ্চিমবঙ্গ হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহা। পেশায় আইনজীবী শান্তনুবাবুকে অংশগ্রহণকারী বহু নারী ‘বাবা’ বলেই সম্বোধন করেন। তাঁর কথায়, ‘‘এক মাস আগে থেকেই মেয়েদের ফোন আসতে শুরু করে। নানা আবদার, নানা পরিকল্পনা— সব মিলিয়ে এ যেন এক বড় পারিবারিক পুনর্মিলন উৎসব।’’
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত