
কলকাতা, ১৯ জুন (হি. স.) : নন-রেসিডেন্ট ভারতীয় (এনআরআই) গ্রাহকদের জন্য আকর্ষণীয় FCNR (B) ডিপোজিট প্রকল্পে সুদের হার বৃদ্ধি করল। শুক্রবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডলারে রাখা FCNR (B) আমানতের ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের মেয়াদে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ১০ লক্ষ মার্কিন ডলার (USD 1 million) বা তার বেশি অঙ্কের FCNR (B) ডিপোজিটে বার্ষিক ৭.১ শতাংশ সুদ মিলবে। অন্যদিকে, ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে ৭ শতাংশ করা হয়েছে। ফলে এনআরআই গ্রাহকদের জন্য মাঝারি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে ব্যাঙ্ক।
ব্যাঙ্কের বক্তব্য, এই উদ্যোগের ফলে গ্রাহকেরা দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল ও তুলনামূলকভাবে উচ্চ রিটার্নের সুবিধা পাবেন। পাশাপাশি, রুপির বিনিময়মূল্যের ওঠানামা থেকে যে ঝুঁকি তৈরি হয়, তার প্রভাবও অনেকাংশে কমানো সম্ভব হবে।
ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বার বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়দের সঞ্চয় ও বিনিয়োগের চাহিদার কথা মাথায় রেখেই এই নতুন অফার আনা হয়েছে। তাঁর দাবি, এতে গ্রাহকেরা দীর্ঘমেয়াদে আকর্ষণীয় সুদ নিশ্চিত করতে পারবেন এবং মুদ্রা বিনিময়জনিত ঝুঁকিও সীমিত থাকবে।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - র নতুন মার্কিন ডলার - রুপি ফরেক্স সোয়াপ সুবিধা চালুর পরেই এই ঘোষণা করা হয়েছে। নতুন FCNR (B) আমানতের ক্ষেত্রে, যার মেয়াদ ন্যূনতম ৩ বছর এবং সর্বাধিক ৫ বছর, সেই প্রকল্পে এই সুবিধা প্রযোজ্য হবে। ব্যাঙ্কিং ব্যবস্থায় আরও বেশি বিদেশি মুদ্রা আনা এই উদ্যোগের মূল লক্ষ্য।
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধন ব্যাঙ্কের প্রায় ২,০০০ শাখা রয়েছে। সীমিত সময়ের জন্য চালু হওয়া এই অফারের সুবিধা নিতে এনআরআই গ্রাহকেরা নন-রেসিডেন্ট অ্যাকাউন্ট খুলে যে কোনও শাখায় আবেদন অতি সহজেই করতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত