
কলকাতা, ২১ জুন (হি.স.): বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। বৃষ্টি থামতেই বাড়ছে অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। অন্যদিকে, অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত এই তিন জেলায় রয়েছে লাল সতর্কতা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ