
কলকাতা, ২২ জুন (হি.স.): বিশ্বকাপের গ্রুপ পর্বে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইরান ও বেলজিয়ামের মধ্যে কোনো দলই জয়ের দেখা পেল না। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুটি দলকে। আর এর মধ্য দিয়ে গ্রুপের নকআউট পর্বে ওঠার সমীকরণ হয়ে উঠল জটিল।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে রবিবার রাতে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
চলতি আসরে দুটি-সহ বিশ্বকাপে নিজেদের সবশেষ চার ম্যাচে জিততে ব্যর্থ হল বেলজিয়াম (৩ ড্র, ১ হার)। মিশরের বিপক্ষে ১-১ ড্রয়ে এবারের অভিযান শুরু করে তারা।
আর ইরানও এবার তাদের প্রথম দুই ম্যাচ ড্র করল। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করেছিল তারা।
এর ফলে পয়েন্ট টেবিল খুবই জটিল হয়ে দাঁড়ালো। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইরান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম। আর এক ম্যাচ খেলা নিউ জিল্যান্ড ও মিশরের পয়েন্ট ১ করে।
ম্যাচে ইরানকে পয়েন্ট এনে দেওয়ার নায়ক গোলরক্ষক বেইরানভান্দ। ৭০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে যে সাতটি লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম, তার সবকটিই সেভ করেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
শেষ রাউন্ডে আগামী শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম, একই সময়ে মিশরের মুখোমুখি হবে ইরান। এর আগে কখনও বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি এশিয়ান দলটি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি