
কলকাতা, ২২ জুন (হি. স.) :
বেঙ্গল টি-২০ লিগের তৃতীয় সংস্করণে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। রবিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ফাইনালে মুর্শিদাবাদ কুইন্সকে ছয় উইকেটে হারিয়ে খেতাব জিতে নিল হাওড়ার দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান তোলে মুর্শিদাবাদ কুইন্স। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন কাশিশ আগরওয়াল। ১৯ রান আসে সুস্মিতা পালের ব্যাট থেকে। হাওড়ার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন চন্দ্রিমা ঘোষাল ও দিশা চন্দক। দু’জনেই দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট পান রেমন্ডিনা খাতুন, শ্রেয়সী আইচ এবং শ্রীলেখা রায়।
৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল হাওড়া। তবে প্রিয়াঙ্কা প্রসাদের ২৯ এবং সুজাতা দে-র ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। মুর্শিদাবাদের হয়ে প্রতিভা রাণা ও অধিনায়ক তনুশ্রী সরকার একটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত দাপুটে জয়েই বেঙ্গল টি২০ লিগের মুকুট উঠল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের মাথায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত