
কলকাতা ২৩ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে উদ্ভাবন ও স্টার্ট-আপ বিকাশের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার (এসিআইসি) গড়ে উঠছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার আয়োজিত অ্যাডামাস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ ২০২৬-এ এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রটি পরিচালনা করবে অ্যাডামাস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন ফাউন্ডেশন।বিরাক-সমর্থিত ই-যুবা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে পূর্ব ভারতের ২০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০-রও বেশি ছাত্রছাত্রী, গবেষক, স্টার্ট-আপ উদ্যোক্তা এবং শিক্ষাবিদ অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র, ইনকিউবেটর ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়।
এই অনুষ্ঠানে নির্বাচিত - ই-যুবা দলগুলিকে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্ট-আপ পিচিং পর্ব এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার কৌশল নিয়েও আলোচনা হয়েছে ।
উদ্যোক্তাদের মতে, নতুন এসিআইসি কেন্দ্রটি তৃণমূল স্তরের উদ্ভাবক, ছাত্র উদ্যোক্তা ও নবীন স্টার্ট-আপগুলির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। ইনকিউবেশন, প্রযুক্তি যাচাই এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগের মাধ্যমে রাজ্যে উদ্ভাবন ও উদ্যোগ বিকাশে এই কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত