
– গুয়াহাটি-দুবাই ৪ আগস্ট থেকে, ৭ আগস্ট থেকে গুয়াহাটি-আবুধাবি বিমান পরিষেবা
কলকাতা, ২৫ জুন (হি.স.) : উত্তরপূর্ব ভারতের বিমান যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। গুয়াহাটি থেকে সরাসরি দুবাই এবং আবুধাবির উড়ান চালু হবে বলে ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থার দাবি, এর ফলে তারাই প্রথম বিমান সংস্থা হিসেবে উত্তরপূর্ব ভারতকে সরাসরি পশ্চিম এশিয়ার সঙ্গে যুক্ত করতে চলেছে। ঘোষণা অনুযায়ী গুয়াহাটি-দুবাই বিমান পরিষেবা শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে এবং ৭ আগস্ট থেকে উড়ান চলবে গুয়াহাটি-আবুধাবি পর্যন্ত।
আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে গুয়াহাটি থেকে প্রতি সপ্তাহে প্রায় ১২০টি উড়ান পরিচালনা করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। নতুন আন্তর্জাতিক রুট চালু হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহির দুই প্রধান বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে পর্যটন, বাণিজ্য এবং সাংস্কৃতিক আদানপ্রদান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে সংস্থা।
নতুন উড়ানগুলির টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে ডিব্রুগড়, ডিমাপুর, গুয়াহাটি এবং ইমফল, এই চার শহর থেকে উত্তরপূর্ব ভারতে সপ্তাহে ২৯০টির বেশি উড়ান পরিচালনা করছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি ‘টেলস অব ইন্ডিয়া’ উদ্যোগের মাধ্যমে অসমের গামোছা ও জাপি সহ উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পকেও নিজেদের বিমানের গায়ে তুলে ধরছে সংস্থা।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২২ জুন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়েছিলেন। সেদিন তিনি জানিয়েছিলেন, আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং গুয়াহাটি থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া। এই পদক্ষেপ অসমের আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, এয়ার ইন্ডিয়ার পরিচালনায় নন-স্টপ এই বিমান পরিষেবা অসমকে বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এবং গুয়াহাটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ যাতায়াত ও ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
এক্স-এ তিনি লিখেছিলেন, ‘অসমকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি হচ্ছে! ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি অসম ভ্রমণ সংক্রান্ত পরামর্শ প্রত্যাহার করার কয়েকদিন পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৪ আগস্ট থেকে এয়ার ইন্ডিয়া গুয়াহাটি থেকে দুবাই ও আবুধাবির সরাসরি বিমান পরিষেবা শুরু করবে।’
নতুন রুট চালু হলে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি চারটি দেশের সঙ্গে যুক্ত হবে, সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই), থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভুটান। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, অসম সরকার এখন ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য কাজ করছে।
প্ৰসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি অসম ভ্রমণ সংক্রান্ত পূর্বের সতর্কতামূলক নির্দেশিকা সংশোধন করে নাগরিকদের জন্য আরোপিত নিষেধাজ্ঞামূলক পরামর্শ তুলে নিয়েছে। ২০ জুন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে ‘উৎসাহজনক খবর’ বলে স্বাগত জানিয়ে একে অসমের প্রতি আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাম্প্রতিক অসম সফরের পর এই পরিবর্তন এসেছে, যা অসম ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে।
হিমন্তবিশ্ব শর্মা বলেন, এই সিদ্ধান্ত পর্যটন, ব্যবসায়িক সম্পর্ক এবং অসম ও ইউরোপীয় দেশগুলির মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি করবে। এই উদ্যোগে সহযোগিতার জন্য তিনি ভারতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হার্ভে ডেলফিন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত