
ভুবনেশ্বর, ২৫ জুন (হি.স.) : বিজু জনতা দল (বিজেডি)-এর সভাপতি ও ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তিনিই দলের নেতৃত্ব দেবেন। তাঁর এই ঘোষণার মাধ্যমে প্রাক্তন আইএএস কর্মকর্তা সুজাতা কার্তিকেয়নকে দলের ভবিষ্যৎ মুখ হিসেবে তুলে ধরার জল্পনার অবসান ঘটেছে।
বিজেডি সদর দফতর শঙ্খ ভবনে সুজাতা কার্তিকেয়নকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নবীন পট্টনায়েক নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্যের পর রাজনৈতিক মহলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনার অবসান হয়।
সুজাতা কার্তিকেয়নের দলে যোগ দেওয়ার পর আলোচনা শুরু হয়েছিল যে, ২০২৯ সালের নির্বাচনের সম্ভাব্য মুখ হিসেবে তুলে আনা হতে পারে। তবে নবীন পট্টনায়েকের সাম্প্রতিক মন্তব্যে সেই সমস্ত জল্পনা খারিজ হয়ে যায়। তিনি সাংবাদিকদের বলেন, “আমি আবারও স্পষ্ট করে জানাচ্ছি, আগামী নির্বাচনে বিজু জনতা দলের নেতৃত্ব আমিই দেব।”
এর আগে এদিন শঙ্খ ভবনে দলের শীর্ষ নেতাদের বৈঠকে তিনি সুজাতা কার্তিকেয়নকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বৈঠকে দলের একাধিক শীর্ষ নেতা ও পদাধিকারী উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস