
কলকাতা, ২৬ জুন (হি.স.): আন্তর্জাতিক স্তরে বড়সড় সাফল্য পেলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমেরিকান মাল্টি এথনিক কমিশন আয়োজিত মর্যাদাপূর্ণ ‘১৫তম বার্ষিক এএমইসি কংগ্রেশনাল গ্লোবাল চ্যাম্পিয়ন গালা ২০২৬’-এ তাঁকে ‘গ্লোবাল উইমেন অফ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করা হয়েছে।
এই উপলক্ষ্যে শুক্রবার এএমইসি সংস্থার কর্মকর্তা বিজয় প্রভাকরের হাত থেকে তিনি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করেন। আগামী ২৫ জুলাই, ২০২৬ তারিখে আমেরিকার শিকাগো শহরে এই জমকালো সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এই সাফল্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই মনোনয়ন কেবল তাঁর ব্যক্তিগত সম্মান নয়, বরং সমাজের জন্য করা কাজের আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ধরনের সম্মান ভবিষ্যতে আরও বেশি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা করার অনুপ্রেরণা জোগায়।
উল্লেখ্য, ‘এএমইসি কংগ্রেশনাল গ্লোবাল চ্যাম্পিয়ন গালা’ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বমানের ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। চলতি বছরের এই অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতি এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি