
কাঙ্কের, ২৬ জুন (হি.স.) :ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুরের রাওঘাট খনি এলাকায় বনভূমিতে অনুমতি ছাড়া রাস্তা নির্মাণ এবং শতাধিক গাছ কাটার অভিযোগে কড়া পদক্ষেপ করেছে বন দফতর। তদন্তে জানা গিয়েছে, রাওঘাট খনি থেকে সারগিপাল রেলস্টেশন পর্যন্ত প্রায় ১.২৫ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা বন দফতরের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। রাস্তা তৈরির জন্য ঘন জঙ্গলের শতাধিক সবুজ গাছ কেটে ফেলা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে কাঙ্কেরের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) ঋষভ জৈন সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং আর্থিক জরিমানা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিট গার্ড ও বনরক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের সাময়িক বরখাস্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট রেঞ্জার ও এসডিও-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে জবাব তলব করেছে বন দফতর।
শুক্রবার বন দফতর জানিয়েছে, অনুমতি ছাড়া বনভূমিতে রাস্তা নির্মাণ বা গাছ কাটা কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস