
কলকাতা, ২৬ জুন (হি.স.): আগামী ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় এক বিশাল জনসভার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচিটি এমন এক সময়ে আয়োজিত হতে চলেছে, যখন তৃণমূল কংগ্রেসের প্রথাগত ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। শুক্রবার কলকাতার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্বে দলীয় কর্মীরা ১৯৯৩ সালের পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহীদকে শ্রদ্ধা জানাবেন। এই কর্মসূচির অংশ হিসেবে ধর্মতলার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হবে।
তিনি আরও জানান, যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অমিতাভ চক্রবর্তী রাজ্যজুড়ে “শহীদ মিনার চলো” অভিযানের ডাক দিয়েছেন, যাতে রাজ্যের কোণায় কোণায় থাকা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে পারেন। এই সভায় দিল্লি থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আসার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং সংগঠনে ভাঙনের জল্পনার মধ্যেই তাদের ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে নানাবিধ আলোচনা তৈরি হয়েছে। বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়ক আলাদা গোষ্ঠী তৈরি করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই সমস্ত জল্পনার মাঝেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ ধর্মতলাতেই অনুষ্ঠিত হবে। দলীয় কর্মীদের বিপুল সংখ্যায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সভার অনুমতি পাওয়ার ব্যাপারে তাঁরা আশাবাদী এবং পরিস্থিতি যাই হোক না কেন, এই কর্মসূচি যথারীতি আয়োজিত হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশি গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর থেকে এই দিনটি দলের প্রধান বার্ষিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে পালিত হয়ে আসছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি