
ডুংগারপুর, ২৬ জুন (হি.স.) : কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির আওতায় শুক্রবার ডুংগারপুরের ওয়াগড় গান্ধী বাতিকা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, মাহি বাঁধের জল জালোরে পাঠানোর প্রস্তাব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান দলের নেতারা। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
কংগ্রেসের জেলা পর্যবেক্ষক হরিলাল দরাগি বলেন, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর অভিযোগ, সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই যুবসমাজের আস্থা ভেঙে পড়েছে। ঘটনার নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন তিনি। পাশাপাশি জানান, এই ইস্যুতে দেশজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস।
ডুংগারপুরের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি গণেশ ঘোঘরা সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে পড়ানো বাধ্যতামূলক করা উচিত। তাঁর মতে, এতে সরকারি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে। তিনি রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরগুলিকেও কটাক্ষ করে বলেন, এগুলি শুধুই লোকদেখানো কর্মসূচি; সাধারণ মানুষের সমস্যার প্রকৃত সমাধান সেখানে হচ্ছে না।
মাহি বাঁধের জল জালোরে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করে ঘোঘরা বলেন, মাহি নদীর জলের উপর প্রথম অধিকার ওয়াগড় অঞ্চলের জনজাতি ও কৃষকদের। তিনি জানান, বিষয়টি বিধানসভায় উত্থাপন করা হবে। সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কংগ্রেস বৃহত্তর গণআন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য