
উমরাংসো (অসম), ২৬ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্যতম পর্যটনকেন্দ্র উমরাংসো শহরের একমাত্র পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সরকারের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্মসূচির প্রচারের মধ্যে এই চিত্র জনমনে বিস্ময়ের সৃষ্টি করেছে।
২০০৯-১০ অর্থবর্ষে অসম বিকাশ যোজনা প্রকল্পের অধীনে উমরাংসো টাউন কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হলেও বর্তমানে এটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
উমরাংসো শহর এলাকায় দীর্ঘদিন ধরে উন্নত স্যানিটেশন ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, শৌচাগার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ১০ এবং ২০ টাকা করে পরিষেবা মাশুল নেওয়া হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বা নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনও ব্যবস্থা করা হয় না।
স্থানীয়দের বক্তব্য, উমরাংসো বর্তমানে জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল হিসেবে দ্রুত পরিচিতি লাভ করছে। এই পরিস্থিতিতে শহরের একমাত্র পাবলিক টয়লেটের বেহাল দশা পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং সরকারের স্বচ্ছতা অভিযানের লক্ষ্যকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এলাকাবাসী অবিলম্বে উমরাংসো টাউন কমিটির হস্তক্ষেপ কামনা করে পাবলিক টয়লেটটির সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যাতে শহরের বাসিন্দা ও বাইরে থেকে আসা পর্যটকদের ন্যূনতম স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা যায়।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব