ফের ফুটপাত দখলমুক্ত করতে মাঠে পুর নিগম, লেক চৌমুহনী থেকে শুরু উচ্ছেদ অভিযান
আগরতলা, ২৬ জুন (হি.স.) : দখলমুক্ত ফুটপাত পুনরায় হকারদের দখলে চলে যাওয়ায় ফের কড়া অবস্থান নিল আগরতলা পুর নিগম। শুক্রবার শহরের লেক চৌমুহনী বাজার এলাকা থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে পুর নিগমের টাস্ক ফোর্স। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধ
উচ্ছেদ অভিযান


আগরতলা, ২৬ জুন (হি.স.) : দখলমুক্ত ফুটপাত পুনরায় হকারদের দখলে চলে যাওয়ায় ফের কড়া অবস্থান নিল আগরতলা পুর নিগম। শুক্রবার শহরের লেক চৌমুহনী বাজার এলাকা থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে পুর নিগমের টাস্ক ফোর্স। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে আগামী দিনগুলিতেও নিয়মিত এই অভিযান চালানো হবে।

উল্লেখ্য, রাজধানীর রাজপথকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলতি বছরের ৪ মার্চ মধ্যরাতে বটতলা এলাকা থেকে বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু করেছিল আগরতলা পুর নিগম। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা সেই অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। ফলে দীর্ঘদিন পর সাধারণ পথচারীরা স্বস্তির সঙ্গে ফুটপাত ব্যবহার করতে সক্ষম হন।

তবে পরবর্তী সময়ে নিয়মিত নজরদারির অভাবে শহরের বিভিন্ন এলাকায় কিছু হকার আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় যানজটের সমস্যাও মাথাচাড়া দিয়ে ওঠে। বিষয়টি নজরে আসতেই শুক্রবার থেকে ফের উচ্ছেদ অভিযানে নামে পুর নিগম।

শুক্রবার সকালে লেক চৌমুহনী বাজারে অভিযান শুরু হয়। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। পরে পুর নিগমের টাস্ক ফোর্স ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় ফুটপাতের ওপর বসা মাংসের দোকানগুলিতে অভিযান চালায়। এরপর কামান চৌমুহনী, হরিগঙ্গা বসাক রোড, পোস্ট অফিস চৌমুহনী হয়ে শকুন্তলা রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালীন আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের এক আধিকারিক জানান, শহরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। যেসব এলাকায় পুনরায় অবৈধ দখলদারি দেখা যাবে, সেখানে নিয়মিত অভিযান চালানো হবে। কোনওভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

শুক্রবারের এই উচ্ছেদ অভিযানে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের পাশাপাশি রাজ্য পুলিশের বিপুল সংখ্যক কর্মী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই গোটা অভিযান সম্পন্ন হয়। উল্লেখযোগ্যভাবে, অভিযানকে কেন্দ্র করে শহরের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই উচ্ছেদ অভিযান শেষ হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande