
লখনউ, ২৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে শুক্রবার পৃথক দুটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি লোকবন্ধু হাসপাতাল চত্বরে অবস্থিত ওয়ান স্টপ সেন্টারে এবং দ্বিতীয়টি আমিনাবাদের একটি দোকানে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোথাও কোনও হতাহতের খবর মেলেনি।
শুক্রবার পুলিশ জানিয়েছে, লোকবন্ধু হাসপাতাল চত্বরে অবস্থিত ওয়ান স্টপ সেন্টারে আগুন লাগার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক ধরমপাল সিং জানান, সেন্টারের লাইট প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয়। এর জেরে কাঠের তৈরি অভ্যন্তরীণ অংশের একটি স্তম্ভ এবং তার উপরের সিলিং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্য কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, আমিনাবাদের গড়বড়ঝালা এলাকার শৃঙ্গার মহল মার্কেটের একটি দোকানেও আগুন লাগে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি সিদ্দিকি খানের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এসিতে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। এই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগে আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে পড়ুয়া–সহ ১৫ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকেই শহরজুড়ে অগ্নিনিরাপত্তা নিয়ে দমকল বিভাগ বিশেষ অভিযান চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস