আইসল্যান্ডে প্রথমবার ভারতীয় আমের প্রদর্শনী, রফতানি বাড়ানোর উদ্যোগ
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : আইসল্যান্ডে প্রিমিয়াম মানের ভারতীয় আমের রফতানি বাড়াতে প্রথমবারের মতো বিভিন্ন জাতের ভারতীয় আমের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভারত ও আইসল্যান্ডের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনার
আইসল্যান্ডে প্রথমবার ভারতীয় আমের প্রদর্শনী, রপ্তানি বাড়ানোর উদ্যোগ


নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : আইসল্যান্ডে প্রিমিয়াম মানের ভারতীয় আমের রফতানি বাড়াতে প্রথমবারের মতো বিভিন্ন জাতের ভারতীয় আমের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভারত ও আইসল্যান্ডের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনার উপর জোর দেওয়া হয়েছে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শুক্রবারের বিবৃতি অনুযায়ী, আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অবস্থিত ভারতীয় দূতাবাস, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা)-র সহযোগিতায় ২৪ জুন রেইকিয়াভিক এবং ২৫ জুন উত্তর আইসল্যান্ডের আকুরেইরিতে এই প্রচার কর্মসূচির আয়োজন করে। প্রদর্শনীতে দশেহরি, চৌসা, ল্যাংড়া ও কেশর-সহ ভারতের জনপ্রিয় বিভিন্ন জাতের আম প্রদর্শিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এই আমগুলির রফতানি সম্ভাবনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইসল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত আর. রবীন্দ্র ভারতীয় আমের বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক বাজারে তার গ্রহণযোগ্যতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আইসল্যান্ডের বাজারে ভারতীয় আমের রফতানি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব অনিশা তোমর ভারতের আম উৎপাদন নিয়ে একটি উপস্থাপনা দেন। তিনি জানান, বিশ্বে সর্বাধিক আম উৎপাদনকারী দেশ ভারত।

অন্যদিকে, আইসল্যান্ডের বিদেশ মন্ত্রকের ট্রেড এগ্রিমেন্টস ডিরেক্টর স্বেন কে. আইনারসন ভারত-ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (টিইপিএ)-র মাধ্যমে আইসল্যান্ডে ভারতীয় আম আমদানির সম্ভাবনা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রকের দাবি, স্থানীয় ভোক্তাদের সঙ্গে মতবিনিময়ে জানা গিয়েছে যে আইসল্যান্ডে আমের চাহিদা যথেষ্ট রয়েছে। বিশেষ করে স্মুদি, ডেজার্ট ও ফলের স্যালাডে আম ব্যবহারের প্রবণতা বেশি। ফলে ভারতীয় আমের জন্য সেখানে একটি সম্ভাবনাময় বাজার তৈরি হতে পারে।

বর্তমানে আইসল্যান্ড মূলত থাইল্যান্ড, ব্রাজিল, কম্বোডিয়া, ঘানা এবং পেরু থেকে আম আমদানি করে। বিকল্প সরবরাহকারী কম থাকায় এই দেশগুলির আধিপত্য বজায় রয়েছে। ২০২৫ সালে আইসল্যান্ড প্রায় ৩৩ লক্ষ মার্কিন ডলার মূল্যের আম আমদানি করেছে, যার মধ্যে প্রায় ১০ লক্ষ মার্কিন ডলারের আম এসেছে শুধু থাইল্যান্ড থেকেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande