ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ভারত, ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় রওনা দিল বায়ুসেনার দুই বিমান
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় শুক্রবার ভারতীয় বায়ুসেনার দুটি বিমান বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ভারত, ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় রওনা দিল বায়ুসেনার দুই বিমান


নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় শুক্রবার ভারতীয় বায়ুসেনার দুটি বিমান বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ‘এক্স’-এ জানিয়েছেন, এই মানবিক সহায়তা অভিযানের মাধ্যমে ভারত বিপর্যস্ত এলাকায় জরুরি চিকিৎসা ও ত্রাণ পরিষেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে। ত্রাণের মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল ইউনিট, ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী এবং দুটি ‘ভীষ্ম কিউব’, যা দুর্যোগকবলিত এলাকায় দ্রুত চিকিৎসা ও উদ্ধারকাজে ব্যবহার করা হবে।

ড. জয়শঙ্কর বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে ভারত। প্রয়োজনে ভবিষ্যতেও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, সম্প্রতি কারাকাস ও সংলগ্ন এলাকায় পরপর ৭.৫ এবং ৭.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই বিপর্যয়ে ২০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande