
নয়ডা, ২৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার ফেজ-৩ থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক কুলফি বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ফেজ-৩ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র জানান, মৈনপুরী জেলার বাসিন্দা মঞ্জন সিং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তাঁর ৪১ বছর বয়সি ছেলে শাক্য কুলফি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ক্লিও কাউন্টি সোসাইটির কাছে একটি গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাঁকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত শাক্যকে গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস