
দুর্গাপুর, ২৬ জুন(হি. স.): ডিভিসির জমি দখল করে বিনোদন পার্ক ও রিসর্ট গড়ে তোলার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দুর্গাপুর। ডিভিসির নতুন তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি পুনরুদ্ধারের কাজে নেমে উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়েন কর্তৃপক্ষের আধিকারিকরা বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের তির তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র (ডিটিপিএস)-এর সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সুপার ক্রিটিক্যাল ইউনিট গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের জন্য প্রয়োজন প্রায় ৪০০ একর জমি। সংস্থার দাবি, নিজস্ব জমির বড় অংশ দীর্ঘদিন ধরে জবরদখলের কবলে রয়েছে।
গত বছর থেকেই জমি পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ডিভিসি। সংস্থার দাবি, ইতিমধ্যে প্রায় ২ হাজার জবরদখলকারী পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হয়েছে ২২টি খাটাল ও বহু দোকান। ডিভিসির দাবি, প্রায় ৯০ শতাংশ জবরদখল মুক্ত হয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকার আশপাশে ৫০ শয্যার হাসপাতাল, তিনটি প্রাথমিক বিদ্যালয়, ব্যাঙ্ক ও মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ চলছে। পরিবেশ দফতরের নির্দেশ অনুযায়ী বড় বড় গাছও রিপ্ল্যান্টেশন করা হচ্ছে।
ডিভিসির অভিযোগ, দামোদর নদের তীরবর্তী হুচুকডাঙা এলাকায় সংস্থার প্রায় ১০০ একরেরও বেশি জমি দখল করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী বিনোদন পার্ক, রিসর্ট, কটেজ-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলেছেন। একই এলাকায় বাঁকুড়ার প্রাক্তন সিপিএম নেতা তপন বাজপায়ীর উদ্যোগেও প্রায় ২০ বিঘা জমিতে ফলের বাগান এবং প্রায় ৮ বিঘার জলাশয়ে মাছচাষ ও হাঁস পালনের ব্যবস্থা রয়েছে বলে ডিভিসির দাবি।
চলতি বছরের ১৯ জানুয়ারি ডিভিসি ওই সমস্ত দখলদারদের জমি খালি করার নোটিশ দেয়। নোটিশে উল্লেখ করা হয়, উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে সমস্ত ব্যয় সংশ্লিষ্ট দখলদারকেই বহন করতে হবে। পরে নির্বাচনকে কেন্দ্র করে অভিযান কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি ফের তা শুরু হয়েছে।
ডিভিসির দাবি, কয়েকদিন আগে ওই এলাকায় রিপ্ল্যান্টেশনের কাজ চলাকালীন কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়া হয়। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে চর্চায় উঠে এসেছে।
বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ডিটিপিএসের নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য ডিভিসির জমি প্রয়োজন। তাঁর অভিযোগ, সংস্থার জমি দীর্ঘদিন ধরে জবরদখলের কবলে রয়েছে এবং প্রভাবশালী ব্যক্তিরা সেখানে পার্ক ও রিসর্ট গড়ে তুলেছেন। তাঁর দাবি, সরকারি প্রকল্পের স্বার্থে জবরদখল উচ্ছেদ করা হবে।
ডিটিপিএসের আধিকারিক অমিত মুদি বলেন, এর আগে এক হাজার বড় গাছ রিপ্ল্যান্টেশন করা হয়েছে। বর্তমানে আরও প্রায় ৫০০ গাছ স্থানান্তরের কাজ চলছে। তাঁর অভিযোগ, ওই কাজের সময় কিছু ব্যক্তি বাধা দেন। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা