
মির্জাপুর, ২৬ জুন ( হি.স.): বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হল উত্তর প্রদেশের চুনার থানার অন্তর্গত অদলপুরা গ্রামে। শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নরেন্দ্র সিং ওরফে বাবলু (৪৫)। সে অদলপুরা গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে সে বিদ্যুতের খুঁটিতে উঠে জাম্পার জোড়ার কাজ করছিল। সেই সময়ই আচমকাই সে বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এদিন মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
এপ্রসঙ্গে এদিন বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান, নরেন্দ্র সিং বিদ্যুৎ বিভাগের সঙ্গে কোনওরকম কথা না বলেই এই কাজে গিয়েছিল। তার অসতর্কতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক