

গুয়াহাটি, ২৬ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন চলমান পরিকাঠামো উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং রেলওয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ প্রকল্পগুলির বিষয়ে মূল্যায়ন করতে আজ শুক্রবার রাঙাপাড়া নর্থ এবং ডেকারগাঁও রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার (জিএম) চেতনকুমার শ্রীবাস্তব। তিনি তেজপুরের পরিত্যক্ত পুরনো রেলওয়ে স্টেশনও পরিদর্শন করে স্টেশন ভবন ও অন্যান্য পরিকাঠামোর অবস্থা পর্যালোচনা করেছেন।
আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, পরিদর্শনকালে জেনারেল ম্যানেজার ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে চলমান রাঙাপাড়া নর্থ রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের কাজ পরিদর্শন করেছেন। স্টেশনটি প্রায় ৫৫ কোটি টাকার বেশি ব্যয়ে আপগ্রেড করা হচ্ছে, যেখানে যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিকাঠামো রয়েছে। পুনর্বিকাশ কাজের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, অবশিষ্ট কাজগুলি সমাপ্তির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।
প্রেস বার্তায় কপিঞ্জল শর্মা জানান, জেনারেল ম্যানেজার ডেকারগাঁও স্টেশন ও ইয়ার্ড পরিদর্শন করেছেন। আগিয়াঠুরি-ডেকারগাঁও ও তেজপুর-শিলঘাট রুটে প্রস্তাবিত নতুন রেলওয়ে লাইন প্রকল্পগুলির বর্তমান স্থিতিও পর্যালোচনা করেছেন তিনি। এই দুটি প্রস্তাবিত রেলওয়ে প্রকল্প, যার মধ্যে দরং জেলা হয়ে আগিয়াঠুরি থেকে ডেকারগাঁও পর্যন্ত লাইন এবং ব্রহ্মপুত্র নদের ওপর নতুন ব্রিজ সহ তেজপুর থেকে শিলঘাট পর্যন্ত রেল লাইন রয়েছে, জরিপের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রকল্পগুলি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রালয়ের পর্যালোচনাধীন।
প্রস্তাবিত এই রেল সংযোগ প্রকল্পগুলি পরিবহণ পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছে উত্তরপূর্ব সীমান্ত রেল।
কপিঞ্জল শর্মা জানান, পরিদর্শন কার্যসূচির অংশ হিসেবে রেলওয়ের পরিকাঠামোর অবস্থা যাচাই এবং এই রুটের পরিচালনগত দিকগুলি পর্যবেক্ষণ করার লক্ষ্যে জিএম শ্রীবাস্তব কামাখ্যা থেকে ডেকারগাঁও পর্যন্ত ‘উইন্ডো ট্রেলিং’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রেললাইন, ব্রিজ, স্টেশন ও রেলওয়ের অন্যান্য সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি, চলমান উন্নয়নমূলক কাজগুলির মূল্যায়ন এবং সুরক্ষা, কর্মদক্ষতা ও যাত্রী সেবার ক্ষেত্রে আরও যে সব ক্ষেত্ৰে উন্নতির প্রয়োজন সেগুলিকে শনাক্ত করেছেন।
জেনারেল ম্যানেজারের পরিদর্শন উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো শক্তিশালী করা, যাত্রী সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং রেল সংযোগ ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে এনএফ রেলওেয়র ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন, দাবি করা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস