
শ্রীনগর, ২৬ জুন (হি.স.) : আসন্ন অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করতে অনন্তনাগ জেলায় চালু হল ‘প্রজেক্ট হক আই’। আকাশ থেকে মাটিতে সর্বক্ষণ নজরদারির জন্য এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
আগামী সপ্তাহ থেকেই পহেলগাঁও ও বালতাল—দুই পথ দিয়েই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এবার যাত্রাপথজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শুক্রবার জম্মু থেকে অমরনাথ গুহামন্দির পর্যন্ত দুই রুটকেই ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করেছে প্রশাসন।
অমরনাথ যাত্রার অন্যতম ঐতিহ্যবাহী পহেলগাঁও রুট চন্দনওয়ারি, শেষনাগ ও পঞ্চতরণি হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত গুহামন্দিরে পৌঁছেছে।
‘প্রজেক্ট হক আই’-এর আওতায় অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর মোতায়েনকে সমন্বয় করে বহুস্তরীয় নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশের বক্তব্য, গুরুত্বপূর্ণ এলাকায় পাঁচটি ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে। এগুলির মাধ্যমে যাত্রাপথে সার্বক্ষণিক আকাশপথে নজরদারি চালানো হবে এবং যে কোনও পরিস্থিতির তাৎক্ষণিক মূল্যায়ন করে মাটিতে থাকা নিরাপত্তা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া হবে।
শুধু আকাশপথেই নয়, মাটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ২৮টি মাচান মোর্চা বা উঁচু পর্যবেক্ষণ পোস্ট তৈরি করা হয়েছে। পুলিশের দাবি, এর ফলে নজরদারি আরও কার্যকর হবে এবং গোটা যাত্রাপথে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ আরও মজবুত হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য