‘মাফিয়ারাজ বন্ধ করুন, দ্বিতীয়বার যেন আসতে না হয়’ : পুলিশকে মন্ত্রী শঙ্কর ঘোষের কড়া বার্তা
শিলিগুড়ি, ২৬ জুন (হি.স.): তৃণমূল সরকারের আমলে বহুবার পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে আলোচনায় থাকা বিজেপি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আবারও শিরোনামে। এবার তিনি সরাসরি আশীঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে এলাকায় কথি
শঙ্কর ঘোষ


শিলিগুড়ি, ২৬ জুন (হি.স.): তৃণমূল সরকারের আমলে বহুবার পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে আলোচনায় থাকা বিজেপি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আবারও শিরোনামে। এবার তিনি সরাসরি আশীঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে এলাকায় কথিত “মাফিয়া রাজ” খতম করার নির্দেশ দিলেন। বাজেট অধিবেশন শেষে শিলিগুড়িতে ফিরে শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্ত্রী শঙ্কর ঘোষ।

বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে তিনি জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন এবং স্থানীয় সমস্যাগুলি খতিয়ে দেখেন। এই পরিদর্শনের সময়ই তাঁর কাছে এলাকায় তোলাবাজি, গুন্ডাগিরি এবং জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই মন্ত্রী সরাসরি আশীঘর পুলিশ ফাঁড়িতে চলে যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যেসব অভিযোগ রয়েছে, সেগুলির দ্রুত সমাধান হতে হবে। আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়। যদি আবার আসতে হয়, তাহলে কী হবে—তা আমিও জানি না।

মন্ত্রী আরও বলেন, কেউ যদি ভেবে থাকেন যে আগের সরকারের আমলের মতোই কাজ চলতে থাকবে, তবে তা ভুল। তিনি স্পষ্ট করে দেন যে, দুর্নীতির বিরুদ্ধে তাঁদের সরকারের নীতি হলো ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা।

উল্লেখ্য, এই এলাকায় দীর্ঘদিন ধরেই জমি ও বালি মাফিয়াদের সক্রিয়তা নিয়ে লাগাতার অভিযোগ সামনে আসছিল।

স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় প্রকাশ্যেই সমাজবিরোধী কাজকর্ম চলে, কিন্তু পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। সাধারণ মানুষ আশা করছেন, এবার প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande