তারাতলা দুর্ঘটনা : স্থপতি ও ডিজাইনারদের কালো তালিকাভুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৬ জুন (হি.স.): কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসের ঘটনার পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানান, প্রকল্পের নজরদারির দায়িত্বে থাকা স্থপতি এবং ডিজাইনারকে অবিলম্বে কালো তালিকাভু
বিধানসভায় শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৬ জুন (হি.স.): কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসের ঘটনার পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানান, প্রকল্পের নজরদারির দায়িত্বে থাকা স্থপতি এবং ডিজাইনারকে অবিলম্বে কালো তালিকাভুক্ত করা হবে। তিনি স্পষ্ট করে দেন যে এই পদক্ষেপ কেবল শুরু মাত্র; ভবিষ্যতে নজরদারিতে গাফিলতি করা যেকোনো স্থপতি, পরিকল্পনাকারী বা ডিজাইনারের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার ময়দানে অবস্থিত পূর্ত বিভাগের শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, শনিবার সরকারি দফতর খোলামাত্রই কলকাতা পুরনিগমের কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে এই কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করবেন। তিনি উল্লেখ করেন, স্থপতি, পরিকল্পনাকারী, ডিজাইনার এবং তাঁদের সঙ্গে যুক্ত সংস্থাগুলি অনুমোদিত প্রকল্পগুলির নজরদারির জন্য দায়বদ্ধ থাকেন। তাঁরা নির্মাণকাজ তদারকি করার লিখিত আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারাতলার ক্ষেত্রে তা করা হয়নি। তাই তাঁদের ব্ল্যাকলিস্ট করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার কলকাতায় নির্মাণকাজের সঙ্গে যুক্ত সম্পূর্ণ অবৈধ আঁতাত ধ্বংস করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কলকাতার প্রতিটি অবৈধ আঁতাত ভেঙে দেওয়া হবে। এর সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন, পদ নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।

এদিকে, তারাতলা গুদাম দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সম্ভাব্য মানুষদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনো টানা জারি রয়েছে। উল্লেখ্য, গত বুধবার নির্মাণাধীন গুদামটির ছাদ ধসে পড়ে; সদ্য ঢালাই করা কংক্রিটের ভার লোহার বিম এবং ধাতব পাতগুলি সহ্য করতে না পারায় এই বিপর্যয় ঘটে এবং বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনায় আহত ১৮ জন শ্রমিক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য সংস্থা উদ্ধারকাজে একযোগে হাত লাগিয়েছে।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিধানসভায় জানিয়েছিলেন যে এই ঘটনায় এফআইআর দায়ের করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুদামটির নির্মাণশৈলী কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি কলকাতা পুরনিগম এলাকা এবং পার্শ্ববর্তী রাজারহাট, সোনারপুর, বারুইপুর ও মহেশতলার সমস্ত নির্মাণাধীন প্রকল্পের ওপর সম্পূর্ণ অডিট শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর দাবি, অনুমোদিত ভবন নকশায় তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল এবং তিনি এটিকে একটি ত্রুটিপূর্ণ নকশা বলে অভিহিত করেন।

এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল প্রাক্তন মেয়রের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সহ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেরা ব্রাদার্স কোম্পানির এক মালিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভাণ্ডারী এবং মধ্যস্থতাকারী আব্দুল হামিদ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা কুণাল ঘোষও শুক্রবার ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি তুলে বলেন, যদি ভবন নকশায় তাঁর স্বাক্ষর থাকে, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। যদিও ফিরহাদ হাকিম সমস্ত অভিযোগ খারিজ করে জানিয়েছেন যে, মেয়ররা ভবন নকশার প্রযুক্তিগত অনুমোদন দেন না এবং এই দুর্ঘটনার জন্য তাঁকে কোনোভাবেই দায়ী করা যায় না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande