
আসানসোল, ২৬ জুন (হি.স.): ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হলো বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তাঁর ভাই পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিল্পাঞ্চলে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
শুক্রবার তাদের আসানসোল আদালতে হাজির করানোর সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। উত্তেজিত বিজেপি কর্মীরা ধৃত নেতাদের উদ্দেশ্যে জুতো উঁচিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু এই দুই তৃণমূল নেতাই নন, এই হিংসার ঘটনার তদন্তে নেমে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ