
হুগলি , ২৬জুন (হি.স.): দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দলীয় কার্যালয় শুক্রবার পুনরায় নিজেদের দখলে নিল জাতীয় কংগ্রেস। সকালে কংগ্রেসের নেতা-কর্মীরা ব্লকপাড়া সংলগ্ন ওই কার্যালয়ে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন এবং ফেস্টুন টাঙিয়ে কার্যালয়ের কার্যক্রম শুরু করেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই ওই দলীয় কার্যালয় তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। শুক্রবার তাঁরা কার্যালয়টি পুনরায় নিজেদের দখলে নেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কার্যালয়ে থাকা তৃণমূল কংগ্রেসের ব্যানার, পোস্টার ও অন্যান্য দলীয় সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় দেওয়া হয়েছে। এছাড়াও কার্যালয়ের ভিতর থেকে বেশ কয়েকটি রেশন কার্ড উদ্ধার হয়েছে বলেও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম ও রবীন্দ্রনাথ পাল বলেন, ২০১১ সাল থেকে আমাদের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। শুক্রবার আমরা কার্যালয়টি পুনরায় নিজেদের দখলে নিয়েছি এবং এখান থেকেই দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA