
আরামবাগ , ২৬ জুন (হি.স.): আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণার পর গোটা মহকুমা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সেই আনন্দ ভাগ করে নিতে শুক্রবার আরামবাগ জেলা চাই পরিষদের উদ্যোগে আরামবাগের রামমোহন মঞ্চে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরামবাগ মহকুমার চার বিধায়ককে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিজীবী এবং এলাকার সাধারণ মানুষ।
অনুষ্ঠানের সূচনা হয় সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এরপর সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির পর আরামবাগ জেলা হওয়ায় প্রশাসনিক পরিষেবা মানুষের আরও কাছে পৌঁছাবে এবং এলাকার সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ বলেন, আরামবাগের মানুষ যদি এভাবেই পাশে থাকেন, তাহলে ভবিষ্যতে আরামবাগে একদিন এয়ারপোর্টও হবে। তাঁর এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও করতালির সৃষ্টি হয়।
আয়োজকদের দাবি, আরামবাগকে জেলা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য এসেছে। আগামী দিনে জেলার পরিকাঠামো উন্নয়ন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আরও প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষে আরামবাগকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA