মাদক বিরোধী দিবসে গোঘাট পুলিশের মিছিল
হুগলি , ২৬ জুন (হি.স.): আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার গোঘাট থানার উদ্যোগে আয়োজিত হল এক সচেতনতামূলক মিছিল। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচিতে অংশ নেন থানার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা
গোঘাট থানার মাদকবিরোধী র্যালি


হুগলি , ২৬ জুন (হি.স.): আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার গোঘাট থানার উদ্যোগে আয়োজিত হল এক সচেতনতামূলক মিছিল। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচিতে অংশ নেন থানার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা।

এদিন মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল— মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক নয়, শিক্ষা ও সুস্থ জীবনই হোক আগামী প্রজন্মের অঙ্গীকার, মাদক ছাড়ুন, স্বপ্ন গড়ুন-সহ একাধিক বার্তা। গোঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

র্যালিতে উপস্থিত পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের উদ্দেশে বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, পুলিশের পাশে থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন। পাশাপাশি, কোথাও মাদক সংক্রান্ত কোনও বেআইনি কার্যকলাপের খবর পেলে দ্রুত পুলিশকে জানানোরও আবেদন করা হয়।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোঘাট থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুলিশের এমন সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande