
আগরতলা, ২৬ জুন (হি.স.) : ত্রিপুরায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হল পবিত্র মহরম। এ উপলক্ষ্যে রাজধানী আগরতলায় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া বা শোক মিছিল। কারবালার প্রান্তরে শহীদ হওয়া হজরত ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে শোক প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলিমরা।
শুক্রবার দুপুরে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকা থেকে শুরু হয় তাজিয়া মিছিল। কালো পোশাক ও কালো পতাকা হাতে বহু মানুষ এতে অংশ নেন। শোকের আবহে ধর্মীয় স্লোগান, প্রার্থনা এবং মাতমের মধ্য দিয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। গোটা কর্মসূচি ঘিরে এলাকায় ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।
ইসলামের ইতিহাস অনুযায়ী, ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (আ.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহওদ হন। সেই আত্মত্যাগ ও শোকাবহ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জির মহরম মাসের ১০ তারিখে আশুরার দিনে বিশ্বজুড়ে মহরম পালন করা হয়।
তাজিয়া মিছিলের অন্যতম উদ্যোক্তা ওয়াহিদ মিয়া জানান, ইসলামের প্রচলিত নিয়ম অনুযায়ী গত নয় দিন ধরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোক পালন করা হয়েছে। দশম দিনে তাজিয়া বা শোক মিছিলের মাধ্যমে কারবালার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি বলেন, মহরম আমাদের কাছে কেবল শোকের দিন নয়, সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার আদর্শকে স্মরণ করার দিন। প্রতি বছরই আমরা শান্তিপূর্ণভাবে এই শোক মিছিলের আয়োজন করে থাকি।
মহরম উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি ছিল। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সম্পূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ