আবারও বন্ধ তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ গোঘাটের ভাবাদিঘিতে
হুগলি ,২৬ জুন (হি.স.): গোঘাটের ভাবাদিঘিতে ফের থমকে গেল রেল প্রকল্পের কাজ। শুক্রবার একাধিক দাবি সামনে রেখে বিক্ষোভে সামিল হন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল প্রকল্পের কাজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক
গোঘাটের ভাবাদিঘিতে বন্ধ রেলের কাজ


হুগলি ,২৬ জুন (হি.স.): গোঘাটের ভাবাদিঘিতে ফের থমকে গেল রেল প্রকল্পের কাজ। শুক্রবার একাধিক দাবি সামনে রেখে বিক্ষোভে সামিল হন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল প্রকল্পের কাজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত গ্রামবাসীদের অভিযোগ, ভাবাদিঘির জমি-সংক্রান্ত সমস্যার সমাধানে প্রশাসন, রেল কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তার অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। সেই কারণেই তাঁরা আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

গ্রামবাসীদের আরও অভিযোগ, আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি এখনও প্রত্যাহার করা হয়নি। পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কাজও শুরু হয়নি। দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয়দের দাবি, ভাবাদিঘি এলাকা থেকে মাটি বাইরে নিয়ে যাওয়ার ফলে প্রতিদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ভারী যানবাহনের চলাচলের কারণে রাস্তার ক্ষতি হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলির দ্রুত সমাধান চেয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়ায় শুক্রবার রেল প্রকল্পের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আন্দোলনকারীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট আশ্বাস এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। রেল প্রকল্পের কাজ কবে পুনরায় শুরু হবে এবং দাবিগুলির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande