
আগরতলা, ২৬ জুন (হি.স.) : পূর্ব আগরতলা থানাধীন ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেশাগ্রস্ত ছেলের মারধরের জেরেই মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার আত্মীয়-স্বজন। যদিও অভিযুক্ত ছেলে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, খাট থেকে পড়ে গিয়েই তাঁর মায়ের মৃত্যু হয়েছে।
মৃতার নাম চন্দ্রা নমঃ সরকার (৪৭)। অভিযুক্ত পুত্রের নাম কিরণ নমঃ। জানা গেছে, ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকার একটি ভাড়া বাড়িতে মা-ছেলে একসঙ্গেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিরণ দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার ঘোরে প্রায়ই মায়ের সঙ্গে অশান্তি করত এবং তাঁকে মারধর করত বলে অভিযোগ। মৃতার আত্মীয়-স্বজনদের দাবি, বৃহস্পতিবারও কিরণ মাকে বেধড়ক মারধর করে। সেই মারধরের জেরেই চন্দ্রা নমঃ সরকারের মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, অভিযুক্ত কিরণ নমঃ সরকার সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানায়, তাঁর মা নিজেও নিয়মিত মদ্যপান করতেন। মদ্যপ অবস্থায় খাট থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান এবং তাঁর মৃত্যু হয়েছে। বাড়ির মালিক ও প্রতিবেশীরাও বিষয়টি জানেন বলে দাবি করে সে।
ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এলাকাজুড়ে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ