
কারাকাস, ২৯ জুন (হি.স.) : ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণকাজ অব্যাহত রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ইতিমধ্যেই দেড় হাজার ছাড়িয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে দিনরাত তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও জীবিতদের উদ্ধারের আশা এখনও ছাড়েনি প্রশাসন।
জানা গেছে , সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়েরা রাজ্য। রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই এলাকায় বহু বহুতল ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলিকে সহায়তা করতে বিদেশি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত মানুষের থাকার সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান বন্ধ করা হবে না। ক্ষতিগ্রস্ত ভবনগুলির নিরাপত্তা পরীক্ষা করতে বিশেষ রাষ্ট্রপতি কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি আরও এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, লা গুয়েরা এলাকায় প্রায় ৭৫ শতাংশ বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৩,১৫০ জন আহত হয়েছেন। গৃহহীন হয়েছেন ১২,৭২১ জন। সম্পূর্ণ ধসে পড়েছে ৭৭৪টি ভবন। প্রশাসনের দাবি, এই মুহূর্তে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার এবং বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য ত্রাণ শিবির গড়ে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার।
উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের অভিযোগ, প্রথম কয়েকদিন ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ছিল। তার ওপর একের পর এক আফটারশকের জেরে উদ্ধারকাজও বারবার ব্যাহত হয়েছে। তবুও সপ্তাহান্ত পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাঁদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
রবিবার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার উদ্ধারকারী দল পৃথক অভিযানে শিশু-সহ একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছে।
এদিকে, বিরোধী সমর্থিত একটি ওয়েবসাইটে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ বলে দাবি করা হলেও, সেই তথ্যের সরকারি স্বীকৃতি মেলেনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এই দুই ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জন্য অতিরিক্ত ত্রাণ সহায়তা পাঠানোর ইঙ্গিত দিয়েছে।
এছাড়া পশ্চিম ফালকন রাজ্যে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে দেশের বৃহত্তম আমুয়ে তেল শোধনাগারের কাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য