২০২৬ সালে নতুন ‘দীপাবলি ফরএভার স্ট্যাম্প’ প্রকাশ করবে মার্কিন ডাক বিভাগ
ওয়াশিংটন, ৩০ জুন (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) ২০২৬ সালের জন্য নতুন ‘দীপাবলি ফরএভার স্ট্যাম্প’ প্রকাশের ঘোষণা করেছে। ভারতীয়-মার্কিন শিল্পী সঙ্গীতা ভুটাডার তৈরি রঙিন রঙ্গোলির নকশায় সজ্জিত এই স্ট্যাম্পে ভারতের সমৃদ্ধ সাংস্ক
২০২৬ সালে নতুন ‘দীপাবলি ফরএভার স্ট্যাম্প’ প্রকাশ করবে মার্কিন ডাক বিভাগ


ওয়াশিংটন, ৩০ জুন (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) ২০২৬ সালের জন্য নতুন ‘দীপাবলি ফরএভার স্ট্যাম্প’ প্রকাশের ঘোষণা করেছে। ভারতীয়-মার্কিন শিল্পী সঙ্গীতা ভুটাডার তৈরি রঙিন রঙ্গোলির নকশায় সজ্জিত এই স্ট্যাম্পে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মার্কিন সমাজে ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতিফলন ঘটেছে।

ইউএসপিএস জানিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে, দীপাবলির আগে এই ফরএভার স্ট্যাম্প প্রকাশ করা হবে, যাতে উৎসবের আগেই সাধারণ মানুষের কাছে তা পৌঁছে যায়। ২০২৬ সালে আগামী ৮ নভেম্বর পালিত হবে দীপাবলি। মার্কিন ডাক বিভাগের মতে, দীপাবলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা অশুভের উপর শুভ এবং অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক।

নতুন স্ট্যাম্পের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী রঙ্গোলির নকশা। ভারতীয় সংস্কৃতিতে রঙ্গোলি সমৃদ্ধি, শুভ ও অতিথি অভ্যর্থনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। উৎসব উপলক্ষে রঙিন চাল, ফুলের পাপড়ি ও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়ি ও জনসমাগমস্থল সাজানোর এই প্রাচীন শিল্পরীতিকে স্ট্যাম্পে তুলে ধরা হয়েছে।

হিউস্টন-নিবাসী ভারতীয়-মার্কিন শিল্পী সঙ্গীতা ভুটাডা প্রায় তিন দশক ধরে রঙ্গোলি শিল্পচর্চা করছেন। তাঁর তৈরি শিল্পকর্মের আলোকচিত্র ধারণ করেছেন বিজয় দীক্ষিত। স্ট্যাম্পটির নকশা তৈরি করেছেন জেনিফার আর্নল্ড এবং শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন উইলিয়াম জে. গিকার।

ইউএসপিএস জানিয়েছে, এই স্ট্যাম্পের ফার্স্ট-ডে-অফ-ইস্যু অনুষ্ঠানের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।

দীপাবলি ফরএভার স্ট্যাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে বড়দিন, হানুক্কা, কোয়ানজা এবং মার্কিন কোস্ট গার্ড অ্যাকাডেমির ১৫০ বছর পূর্তি উপলক্ষে আরও কয়েকটি স্মারক স্ট্যাম্পও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৬ সালের ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রথম দীপাবলি ফরএভার স্ট্যাম্প প্রকাশ করা হয়। তারপর থেকে এই স্ট্যাম্প মার্কিন সমাজে ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বের অন্যতম প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande