
বীরভূম, ৩ জুন (হি.স.): বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরী পূর্বপাড়া গ্রামে এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হাবল লোহার। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে খুন করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় হাবল লোহার গ্রামেরই আরেক বাসিন্দার সঙ্গে বসেছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী সেখানে এসে হামলা চালায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়।
মৃতের মেয়ে এই ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর বাবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাঁর বাবাকে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ