
সীতাপুর, ৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের সীতাপুরে তম্বৌর এলাকায় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ রাজেশ বর্মাকে হত্যার এক বড়সড় ষড়যন্ত্র ব্যর্থ করল পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযুক্তকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাদাব। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে একটি দেশি পিস্তল, কার্তুজ এবং একটি ছুরি।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে শাদাব নামে এক যুবক অস্ত্র–সহ প্রাক্তন সাংসদ রাজেশ বর্মার বাড়ির সামনে উপস্থিত হয় । পুরোনো জমি সংক্রান্ত শত্রুতার জেরে সে প্রাক্তন সাংসদকে হত্যা করার উদ্দেশে এসেছিল। পুলিশ তাকে প্রথমে ধরে ফেললেও, কোনওভাবে সে পালাতে সক্ষম হয়। এরপর পুলিশ গোটা এলাকায় তল্লাশি শুরু করে। জ্ঞানেন্দ্র ইটের ভাটার কাছে তাকে ঘিরে ফেলা হয় । শাদাব পুলিশকে লক্ষ্য করে দুবার গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে একটি গুলি তার পায়ে লাগে । এরপর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক