
কলকাতা, ৩ জুন (হি. স.): যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের ভিড় কমাতে ও চলাচল আরও মসৃণ করতে টার্মিনাল ভবনের একাধিক সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কিছু অংশ শীঘ্রই চালু করা হবে। বুধবার এই তথ্য পরিবেশন করেন বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিং।বর্তমান টার্মিনালের ডিপার্চার লেভেলে অতিরিক্ত ৯৬৬ বর্গমিটার জায়গা যুক্ত করা হয়েছে, যা মূলত অভ্যন্তরীণ উড়ানের যাত্রীদের বসার জায়গা ও ‘সুইং গেট’ এলাকার পরিসর বাড়াতে ব্যবহার করা হচ্ছে। এর ফলে যাত্রীদের ভিড়জনিত অসুবিধা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এই নতুন অংশটি ইতিমধ্যেই যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।অন্যদিকে, আন্তর্জাতিক ডিপার্চার অংশে আরও প্রায় ৩,০০০ বর্গমিটার এলাকা সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ইমিগ্রেশন, কাস্টমস ও প্রি-এম্বার্কেশন সিকিউরিটি চেক (পিইএসসি) ব্যবস্থার পুনর্বিন্যাস করা সম্ভব হবে। এতে আন্তর্জাতিক যাত্রী চলাচলের গতি যেমন বাড়বে, তেমনই সিকিউরিটি হোল্ড এলাকার চাপও কমবে।বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এই পরিকাঠামো উন্নয়নের ফলে কলকাতা বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা ২৬ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ২৮ মিলিয়নে পৌঁছাবে। ক্রমবর্ধমান বিমানযাত্রার চাহিদা মেটাতে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত