
মুম্বই, ৩ জুন ( হি.স.): বলিউড অভিনেতা রণবীর সিং বনাম 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ' (এফডব্লিউআইসিই )-এর বিবাদ এবার পৌছালো কাঠগড়ায় । 'ডন ৩' ছবি থেকে রণবীর সিং নিজেকে সরিয়ে নেওয়ার পর সংগঠনের তরফ থেকে জারি করা অসহযোগিতার নির্দেশের বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন অভিনেতা।
রণবীর সিংয়ের অভিযোগ, সংগঠনটি তাঁর কোনো বক্তব্য শুনেই একতরফাভাবে এই পদক্ষেপ নিয়েছে, যার ফলে তাঁর পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মঙ্গলবারই এই নোটিশ পাঠানো হয়েছিল ।যদিও এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জনসমক্ষে আনা হয়নি।
প্রসঙ্গত, 'ডন ৩' ছবিটিকে কেন্দ্র করে রণবীর সিং এবং ছবির প্রযোজক-পরিচালক ফারহান আখতারের বিবাদ বেশ কিছুদিন ধরেই বি-টাউনে চর্চার বিষয় হয়ে উঠেছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় , ছবির কাহিনী, প্রোডাকশনে এবং স্ক্রিপ্ট ঘিরে তৈরি হওয়া দিক নিয়ে দ্বিমতের কারণেই অভিনেতা নিজে এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরেই ফারহান আখতারের প্রযোজনা সংস্থা 'এক্সেল এন্টারটেইনমেন্ট' রণবীরের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বিতর্ক বাড়তেই এফডব্লিউআইসিই রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার প্রস্তাব রাখে । তবে অভিনেতার জনসংযোগ বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রণবীর এই বিষয়টিকে কোনো প্রকাশ্য বিতর্কের রূপ দিতে চান না। এছাড়া যেকোনো পেশাদার সমস্যার সমাধান পারস্পরিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।
ইতিমধ্যেই রণবীরের আগামী ছবি ‘প্রলয়’ নিয়ে শুরু হয় নানা জল্পনা । তবে সূত্রের দাবি, এই বিতর্কের কোনো প্রভাব ছবির শুটিংয়ের ওপর পড়বে না। জয় মেহতার পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবিটি। আগস্ট মাস থেকেই শুরু হবে ছবির শুটিং ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক