
কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) :কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে বিপুল ক্ষমতাসম্পন্ন ২ গিগাওয়াট (GW) এআই-রেডি ডেটা সেন্টার গড়ার ঘোষণা করেছে দ্য চ্যাটার্জি গ্রুপের (টিসিজি) সহযোগী সংস্থা 'কর্টেক্স ডিসি'। বৃহস্পতিবার সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এই নতুন এআই ও ডিজিটাল পরিকাঠামো প্রকল্পের কথা জানানো হয়েছে।উল্লেখ্য, সংস্থার লক্ষ্য নির্মাণকাজ শুরুর পরবর্তী ১৮ মাসের মধ্যেই প্রথম ডেটা সেন্টারটি চালু করে দেওয়া। পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে এই বিপুল পরিমাণ বিদ্যুতের প্রায় ৫১ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তি (Renewable Energy) উৎস থেকে সংগ্রহের সুনির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে তাদের।বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান যুগে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে কম্পিউটিং পরিকাঠামো। সেই লক্ষ্যকে সামনে রেখেই দ্রুত, বৃহৎ পরিসরে এবং পরিবেশবান্ধব উপায়ে এই ডেটা সেন্টার গড়ে তুলতে চায় সংস্থা।প্রসঙ্গতঃ, কর্টেক্স ডিসি-র সিইও রাহুল শর্মা দাবি করেছেন, আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলে ভারতকে বিশ্বমানের এআই ও ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। অন্যদিকে সংস্থার তত্ত্বাবধায়ক পর্ষদের চেয়ারম্যান বিনায়ক পাইয়ের মতে, এই মেগা উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নির্মাণ, প্রযুক্তি এবং পরিষেবা ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দ্য চ্যাটার্জি গ্রুপের (TCG) সদর দফতর নিউ ইয়র্কে অবস্থিত। পেট্রোকেমিক্যালস, জীবনবিজ্ঞান, প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশ্বব্যাপী দীর্ঘদিনের বিনিয়োগ রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত