
মালদা, ৩ জুন (হি. স.) : মালদা জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ এবং তা চড়া দামে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মা।বুধবার সাংবাদিকদের মুখমুখি হয়ে সঞ্জয় শর্মার অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে রাস্তার ধারে সরকারি জমিতে নির্মাণকাজ করা হয়েছে এবং পরবর্তীতে সেই সম্পত্তি বিক্রি করা হচ্ছে। তাঁর দাবি, এই বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে, তা সরকারি কোষাগারে জমা পড়ছে না। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এ ধরনের কাজ পৌর আইনের পরিপন্থী এবং সরকারি সম্পত্তির অপব্যবহারের সামিল।অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্ট সমস্ত সিদ্ধান্ত পৌরসভার বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এবং আইন মেনেই কাজ করা হয়েছে। কোনও অর্থ আত্মসাৎ বা অনিয়মের প্রশ্ন নেই বলেও তিনি দাবি করেন।পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়