
হুগলি , ৩ জুন (হি.স.) : কামারপুকুর আর্ট মিউজিয়ামের উদ্যোগে বুধবার গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা জানানো হয়। কামারপুকুরে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পী, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর আর্ট মিউজিয়ামের কর্ণধার বাসুদেব দে, এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু মানুষ। শুরুতেই অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিধায়ক প্রশান্ত দিগারকে স্মারক, উত্তরীয় ও মানপত্র তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
মিউজিয়ামের কর্ণধার বাসুদেব দে বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং এলাকার উন্নয়নে বিধায়কের বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী দিনেও শিল্প ও সংস্কৃতির প্রসারে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক প্রশান্ত দিগার মিউজিয়ামের সদস্য ও শিল্পীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতি একটি সমাজের পরিচয় বহন করে। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিল্পীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠান ঘিরে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত শিল্পীরা এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করতে একযোগে কাজ করার আহ্বান জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধি ও শিল্পী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বার্তাও উঠে আসে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA