
পূর্ব সিংভূম, ৩ জুন (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে টাটা স্টিল প্ল্যান্ট চত্বরে হতে যাওয়া একটি বড়সড় চুরির ষড়যন্ত্র ব্যর্থ করল সংস্থার নিরাপত্তা বিভাগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। সংস্থার নিরাপত্তা কর্মীদের তৎপরতায় আটক হয় তিন সন্দেহভাজন। বুধবার সংস্থার নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ বাবু এবং মহম্মদ ইরশাদ। তারা দুজনেই জুগসলাই এলাকার বাসিন্দা। তৃতীয় অভিযুক্তের পরিচয় এবং এই ঘটনায় তার ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত অভিযুক্তরা কোম্পানির মূল্যবান সামগ্রী চুরির পরিকল্পনা করেছিল।
নিরাপত্তা বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বেশ কিছু সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর থেকেই প্ল্যান্ট চত্বরে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ই এই তিনজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। ঘটনার পর নিরাপত্তা আধিকারিকরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন । প্রাথমিক তদন্তে এই চুরির ষড়যন্ত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এসেছে। পরবর্তীতে ধৃতদের বিষ্টুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক