
কলকাতা, ৩ জুন (হি.স.): “শিক্ষার কী হাল! কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! মমতা সবটা জানতেন।” বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে গোটা ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে চর্চায় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। যদিও সন্ধ্যে গড়াতেই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। কলেজে খোঁজ মেলে তৃণমূল নেতার বিলাসবহুল বেডরুমের! উদ্ধার হয় কন্ডোম, মদের বোতল, আগ্নেয়াস্ত্র। শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি দেখে স্বাভাবিকভাবেই হতবাক সকলে।
জানা গিয়েছে, ‘টেরেস ফেসিলিটি’-র নামে কলেজে দু’টি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বিছানা, এসি, বালিশ, তোষক থেকে শুরু করে অ্যাচাট বাথরুম, কী নেই সেখানে!
অভিযোগ, এই রুমে ওই দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দিতে হত কলেজে চাকুরিরতদের। শোনা যাচ্ছে, ঘণ্টা হিসেবে নাকি ভাড়াও দেওয়া হত সেই ঘর। সেখান থেকে মিলেছে কন্ডোমও। কলেজের ছাদে মিলেছে মদের বোতলও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত