
নয়া দিল্লি , ৩ জুন(হি.স.): বিশ্ব কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের জার্সির ছক চূড়ান্ত করে ফেলেছে। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি এবং অন্য ম্যাচে সম্পূর্ণ নতুন ডিজাইনের কালো রঙের ‘অ্যাওয়ে’ জার্সি পরে মাঠে নামবে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে 'জে' গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই হাই-ভোল্টেজ ম্যাচে আলবিসেলেস্তেরা মাঠে নামবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি ও নীল শর্টস পরে। এই ম্যাচে আর্জেন্টিনার গোলকিপারকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনবারের বিশ্বজয়ীরা ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতেই খেলবে। তবে গোলকিপারের কিটে আসবে পরিবর্তন। তিনি পরবেন হালকা সবুজ রঙের জার্সি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ডালাসের মাঠে প্রথমবারের মতো নতুন কালো ‘অ্যাওয়ে’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকছে নীল ও আকাশি নীলের আকর্ষণীয় কম্বিনেশন, আর জার্সি নম্বর ও লোগো ফুটিয়ে তোলা হয়েছে সাদা রঙে। এই ম্যাচে গোলকিপার পরবেন কিছুটা গাঢ় শেডের সবুজ জার্সি। আর্জেন্টিনার নতুন এই অ্যাওয়ে জার্সিটির নকশায় দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী অলংকরণ শিল্পের অনুপ্রেরণা রাখা হয়েছে।
এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও গ্রুপ পর্বের জন্য আর্জেন্টিনার মতো দুই ধরনের জার্সি ব্যবহারের ঘোষণা দিয়েছে। ‘সি’ গ্রুপের তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে তাদের চেনা হলুদ এবং এক ম্যাচে নীল রঙের অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে সেলেকাওদের।
আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেইমারদের বিশ্বকাপ অভিযান শুরু। এই উদ্বোধনী ম্যাচে ব্রাজিল দল মাঠে নামবে প্রথাগত হলুদ জার্সি ও সাদা শর্টস পরে।
২০ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের নীল রঙের ‘অ্যাওয়ে’ জার্সি গায়ে পরবে সেলেকাওরা। আর ২৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও চিরচেনা সেই ক্যানারি হলুদ জার্সিতে দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি